লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাছির আহম্মেদ খান দোয়া ও সমর্থন চেয়ে বিশাল সমাবেশ করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডের যৌথ আয়োজনে ইউনিয়নের বহরিয়া বাজার শ্রীরামপুর ঈদগাহ মাঠে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাছির আহম্মেদ খান তার বক্তব্যে বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন নামেই মডেল, কিন্তু মডেলের কিছুই হয়নি এখানে। আমি আপনাদের সাথে জবাবদিহিতার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকলে এই কঠিন পরিস্থিতি পাড়ি দেওয়া সহজ হবে। আজকে আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সমর্থনের জন্য। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আজকের উপস্থিতি এটা তা প্রমাণ করে।

তিনি আরো বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অত্র ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হতে চাই। চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি হিসাবে জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের সন্তান, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিগত সময়ের মতো আপনারা সব সময় আমার পাশে থাকবেন।

অনুষ্ঠানে সমাজসেবক মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শামিম খান, বিশিষ্ট সমাজসেবক শওকত আলী মিয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতা দেলোয়ার জমাদার, লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন, সাধারণ সম্পাদক তানভির রাসেল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পগু পাটওয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাশিম জমাদার প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সোহেল পাটোয়ারী।

এরআগে খণ্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমবেশ স্থলে আসেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৬ অক্টোবর ২০২৬