চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এতে কার্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে মাথায় হেলমেট পরিহিত এক যুবক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করে। প্রথমেই সে ওই কার্যালয়ের জানালার কাজগুলো ভাঙতে থাকে। এরপর পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেয়।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, দুর্বৃত্তের দেয়া অগ্নিসংযোগে কার্যালয়ের আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিসি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ ।
প্রতিবেদক : আশিক বিন রহিম,
১৯ নভেম্বর ২০২৬