প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু
প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (NRCTA) পরিচালনার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নিয়মে প্রবাসীরা বিদেশে বসেই অনলাইনে এ হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবেন। পাশাপাশি হিসাবের জমা মূল টাকা ও অর্জিত সুদ বা মুনাফা বিদেশে ফেরত নেওয়া, দেশে বিনিয়োগ এবং জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ার সুবিধাও পাবেন তারা।
শুক্রবার ১০ অক্টোবর রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে জমা রাখা,দেশে অর্থ ব্যবহারের সুযোগ বাড়ানো এবং বৈধ বিনিয়োগকে উৎসাহিত করা।
এনআরসিটিএ হিসাবের নতুন নিয়মে যেসব সুবিধা
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী,প্রবাসীদের জন্য এনআরসিটিএ হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ বাড়ানো হয়েছে। নতুন নিয়মে যেসব সুবিধা পাওয়া যাবে,সেগুলো হলো :
আরও বেশি ব্যাংকে হিসাব খোলার সুযোগ
আগে নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ থাকলেও এখন অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (AD) ব্যাংকগুলোতেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে।
তিন ধরনের হিসাব খোলার সুবিধা
প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী (Savings),চলতি (Current) কিংবা মেয়াদি আমানত (Fixed Deposit)-এ তিন ধরনের হিসাবের যেকোনোটি বেছে নিতে পারবেন।
অনলাইন ও ই-ব্যাংকিং সেবা
প্রবাসে বসেই অনলাইন ও ই-ব্যাংকিং সেবার মাধ্যমে সহজে হিসাব খোলা এবং পরিচালনা করা যাবে। এতে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে দেশে আসার প্রয়োজনীয়তা কমবে।
বিভিন্ন মাধ্যমে অর্থ জমার সুযোগ
বিদেশে উপার্জিত অর্থ ব্যাংক,এক্সচেঞ্জ হাউস,মানি ট্রান্সফার অপারেটর কিংবা প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব (FC Account) থেকে সরাসরি এনআরসিটিএ হিসাবে স্থানান্তর করে জমা রাখা যাবে।
দেশে খরচ ও বিনিয়োগের সুবিধা
এ হিসাবের মাধ্যমে দেশে ব্যক্তিগত খরচ মেটানো,অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর এবং সরকার অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগ করা যাবে।
জমা অর্থের বিপরীতে ঋণ
এনআরসিটিএ হিসাবে জমা থাকা অর্থ জামানত (Collateral) হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।
মূল টাকা ও মুনাফা বিদেশে নেওয়ার সুবিধা
এ হিসাবের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো, জমা রাখা মূল টাকা এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা প্রয়োজন অনুযায়ী বিদেশে ফেরত নিয়ে যেতে পারবেন হিসাবধারীরা।
প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করাই লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে,এনআরসিটিএ মূলত প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে জমা রাখা,দেশে স্বাচ্ছন্দ্যে ব্যবহার এবং বৈধ বিনিয়োগের পথ সুগম করার একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা।
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু
নতুন নিয়মের ফলে প্রবাসীরা দেশে না এসেও ব্যাংক হিসাব পরিচালনা,অর্থ স্থানান্তর ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম আরও সহজে সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে দেশে তাদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য,এনআরসিটিএ পরিচালনার নতুন নির্দেশনার বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট সার্কুলার দেখা যাবে। প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাংলাদেশ ব্যাংক এনআরসিটিএ হিসাব প্রবাসী বাংলাদেশি অনলাইন ব্যাংকিং প্রবাসীদের বিনিয়োগ বৈদেশিক মুদ্রা ব্যাংকিং সেবা
১০ অক্টোবর ২০২৬
এ জি