সাবেক রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের পদত্যাগের পর বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সার্বিক প্রেক্ষাপটে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন,তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।
বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ ছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরীর নামও গুঞ্জনে রয়েছে।
রাজনীতিবিদদের পাশাপাশি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ,সাবেক প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,মানবাধিকারকর্মী আইরিন খান,মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি,মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন শিক্ষাবিদের নামও আলোচনায় উঠে এসেছে।
তবে দলীয় সূত্রগুলো নির্দেশ করছে,অরাজনৈতিক ব্যক্তির পরিবর্তে বর্ষীয়ান কোনো রাজনীতিককেই রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার সম্ভাবনা বেশি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় প্রধান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় যোগ্যতার পাশাপাশি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নীতি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারবেন-এমন একজন সর্বজনগ্রাহ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হবে।
৮ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur