যুবসমাজকে রক্ষায় রূপসা দক্ষিণে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসভা
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াল গ্রাস, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি রুখতে সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা যুবসমাজকে আলোর পথে ফেরাতে এবং অভিভাবকদের সচেতন করতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ফজল বেপারী বাড়ি জামে মসজিদের সামনে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও সোহান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. আমজাদ আলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমজাদ আলী চৌধুরী বলেন, “মাদকের মরণনেশা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। পুলিশের একার পক্ষে এই অভিশাপ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রতিটি পরিবারের সচেতনতা সবার আগে প্রয়োজন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে-সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখুন।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মো. জাকির হোসেন পাটওয়ারী, মো. ইব্রাহীম খান মিলন ও মো. মশিউর রহমান রিপন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ খান, মো. নাছির, আব্দুল কাদের বাবলু, মো. দিদারুল ইসলাম খান এবং স্থানীয় যুবক মাহবুব আলম, পরান হোসেন, রিয়াদ হোসেন, রাজু হোসেন ও পারভেজ হোসেন।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণরা বিকারগ্রস্ত হয়ে পড়ছে। ফলে এলাকায় কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রায় প্রতিটি ঘরেই মাদকের থাবা পৌঁছে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, এখন থেকে এলাকায় কোনো মাদক কারবারি বা কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখা দিলে সামাজিকভাবে তা প্রতিহত করা হবে এবং দ্রুত প্রশাসনকে অবহিত করা হবে। জনসভায় এলাকার কয়েকশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৬ জুন ২০২৬