যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া নিরাপত্তা তল্লাশির মুখে ব্রাজিল

ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিল ফুটবল দলকে। বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জার্নাল ও গ্লোবো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবতরণের পর ব্রাজিল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সহায়ক কর্মীদের কাউকেই বিশেষ সুবিধা দেওয়া হয়নি। বিশ্বখ্যাত তারকা ফুটবলাররাও সাধারণ যাত্রীদের মতোই নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হন।

নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সবাইকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়। পাশাপাশি লাগেজ, ব্যক্তিগত ব্যাগ ও অন্যান্য সামগ্রীও বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খেলোয়াড়দের জুতা খুলে তল্লাশি চালানো হয়েছে। পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়, ফলে বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে ব্রাজিল দলকে।

যদিও বিষয়টি খেলোয়াড়দের জন্য কিছুটা অস্বস্তিকর ছিল, তবুও আয়োজক দেশের নিরাপত্তা বিধি মেনে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দলটি।

বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র এবার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধু ব্রাজিল নয়, অংশগ্রহণকারী অন্যান্য দেশের দল ও কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে বলে জানা গেছে।

কার্লো আনচেলত্তির শিষ্যরা আগামী ১৪ জুন (বাংলাদেশ সময়) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১১ জুন ২০২৬