চাঁদপুরে মেয়েকে কামড়ানো রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে বাবা
চাঁদপুরের হাইমচরে রাসেলস ভাইপারের কামড়ে মরিয়ম আক্তার নামে তিন বছরের এক শিশু আহত হয়েছে। পরে শিশুটিকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কামড় দেওয়া সাপটিকেও জীবিত অবস্থায় ধরে একটি বোতলে ভরে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু মরিয়ম আক্তার ওই গ্রামের মনির গাজীর মেয়ে।
শিশুটির বাবা মনির গাজী জানান, সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম বাড়িতে খেলাধুলা করার জন্য ঘরের বাইরে বের হয়। এ সময় রাসেলস ভাইপার সাপটি তাকে কামড় দিয়ে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। তখন মরিয়ম ইশারায় সাপটি কোন দিকে চলে গেছে তা দেখিয়ে দেয়।
পরে পরিবারের সদস্যরা শিশুটির দেখানো স্থানে গিয়ে খোঁজাখুঁজি করে সাপটিকে শনাক্ত করেন এবং জীবিত অবস্থায় ধরে ফেলেন। পরে সাপটি একটি বোতলে ভরে শিশুটিকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসেন।
হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত শিশুটিকে অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) প্রয়োগ করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এনামুল হক জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তবে অ্যান্টিভেনম দেওয়ার পরও অনেক সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। এ কারণে শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৯ সেপ্টেম্বর ২০২৬