‘মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।
শুক্রবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকাসক্তি মানুষের মেধা, কর্মক্ষমতা ও নৈতিক মূল্যবোধ ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং পারিবারিক নজরদারি জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সচেতন দৃষ্টি রাখা। কোনো শিক্ষার্থীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদকের ছোবল থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
জেলা প্রশাসক আরও বলেন, “মাদকের কোনো ইতিবাচক দিক নেই। এটি মানুষের জীবন, পরিবার ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি. এম. শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউদ্দিন এবং নবরূপ নাট্য সংগঠনের উপদেষ্টা পি. এম. বিল্লাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী, ২৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur