মতলব দক্ষিণে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায়  পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’- প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর। আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি বাবুল ফরাজি, পৌর শ্রমিকদলের সভাপতি সফিকুল ইসলাম কাইপু,অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান। 

 আলোচনা সভায় বক্তারা বলেন,  শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। 

শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী হবে।

অনুষ্ঠানের আগে উপজেলা প্রশাসনের ব্যানারে শ্রমিক দিবসের  র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে সমাপ্তি হয়। 

র‌্যালিতে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর শ্রমিক দল,মতলব অটোরিকশা মালিক সমিতি এবং 

বিভিন্ন শ্রমজীবী সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেয়।

প্রতিবেদক:  মাহফুজ মল্লিক/১ মে ২০২৬