মতলব উত্তরে ১০৯ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৮

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারিসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মতলব উত্তর থানা-পুলিশের পরিচালিত এ অভিযানে চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধানের (৩০) কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীমের (৩০) কাছ থেকে আরও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক/
১৫ অক্টোবর ২০২৬