মতলবে পিতার বিরুদ্ধে মেয়ের সাংবাদিক সম্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধারের টাকা ফিরিয়ে না দেয়ায় পিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে নিজের মেয়ে। উপজেলার বাবুরপাড়া গ্রামের দুবাই প্রবাসী রবিউলের স্ত্রী শাহানাজ আক্তার (২৪) তার পিতা একই উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের স্বপন খানের বিরুদ্ধে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগটি করেন।

শুক্রবার (১৪ আগস্ট ) বেলা এগারোটায় মতলব বাজারে সাংবাদিক সম্মেলন করে পিতার বিরুদ্ধে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের কথা তুলে ধরেন তার মেয়ে শাহনাজ আক্তার।

সংবাদ সম্মেলনে শাহনাজ জানান, তার স্বামী রবিউল মিয়াজী দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ দুবাই থাকাকালীন সময়ে স্বামীর উপার্জিত অর্থ তার নামে থাকা ব্যাংক একাউন্টে প্রেরণ করতেন। তার পিতা স্বপন খান ব্যবসার কথা বলে মেয়ের কাছ থেকে টাকা চাইলে স্বামী রবিউলের সাথে কথা বলে বিভিন্ন সময়ে ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ১৭ লাখ টাকা হাওলাত হিসাবে প্রদান করেন। কথা ছিল রবিউল প্রবাস থেকে ফিরে আসলে বাড়িতে ভবন নির্মাণের কাজ আরম্ভ করলে ওই টাকা ফেরত দিবে। চলতি বছরের শুরুর দিকে রবিউল প্রবাস থেকে এসে টাকা ফেরত চাইলে স্বপন খান টাকা দিবে দিচ্ছে বলে টালবাহানা করতে থাকে।

শাহনাজ আরও জানান,বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশী বৈঠক হয়। এতে ১৭ লক্ষ টাকার পরিবর্তে দুই দফায় ১২ লক্ষ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারির ২৩ তারিখে ২ লক্ষ টাকা এবং মে মাসের ২৫ তারিখে দশ লক্ষ টাকা ফেরত প্রদানের অঙ্গীকার করা হয়। কিন্তু টাকা ফেরত না দিয়ে তার পিতা ও ভাই উল্টো তাকে এবং তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা করে।
শাহনাজের শ্বাশুড় তাজুল ইসলাম বলেন, আমার ছেলের কষ্টের উপার্জিত টাকা নিয়ে তার শশুর এমন প্রতারণা করবে তা আমরা কেউ ভাবি নি। ছেলের অর্থ ফেরত পেতে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
শাহনাজ আক্তারের পিতা স্বপন খানের নিকট এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বাবুরপাড়া ( বালিকান্দি মিয়াজী বাড়ি) গ্রামের তাজুল ইসলামের ছেলে রবিউল মিয়াজীর সাথে পারিবারিকভাবে আট বছর পূর্বে দক্ষিণ ঘোড়াধারী গ্রামের স্বপন খানের মেয়ে শাহনাজের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৪ আগস্ট ২০২৬