মতলবে নিখোঁজের চারদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ব্যবহৃত পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে মরদেহটি ভাসতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি থানায় অবহিত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে খবর পেয়ে স্বজনরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন। নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান,গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করেছিলেন।
নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর বলেন,তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে না বলে বেরিয়ে গিয়েছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
মতলব প্রতিনিধি/
১৯ সেপ্টেম্বর ২০২৬