বাবা নেই, ভাঙাচোরা ঘরে অসুস্থ ও প্রতিবন্ধী সন্তান—অভাবের সঙ্গে লড়াই করে চলছে পরিবারটি

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলগী পোলেরগোড়া এলাকার একটি অসহায় পরিবার দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

২০১৫ সালে আনোয়ার হোসেন হাওলাদারকে হারায় পরিবারটি। তখন সন্তানরা সবাই ছিল ছোট। বাবার মৃত্যুর পর থেকে মামা ও এলাকাবাসীর সহযোগিতায় কোনোভাবে বড় হয়েছেন তারা। কিন্তু বর্তমানে মামাদের নিজেদের আর্থিক অবস্থাও ভালো না থাকায় পরিবারটির পাশে দাঁড়ানো তাদের জন্যও কঠিন হয়ে পড়েছে।

পরিবারের বড় ছেলে আ. রহিম (২৪) মানসিকভাবে অসুস্থ। নিয়মিত ওষুধ ও চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে অনেক সময় তার ওষুধের খরচ জোগাড় করা সম্ভব হয় না। পরিবারের সদস্যদের ভাষ্য, ওষুধ বন্ধ হয়ে গেলে তার অসুস্থতার সমস্যা বেড়ে যায়।

মেজো ভাই কাজ করলেও তার সামান্য আয় দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হয় না। পরিবারের ১৬ বছর বয়সী ছোট ছেলে রবিউলও প্রতিবন্ধী। পাশাপাশি তাদের মা অসুস্থ থাকেন।

পরিবারের একমাত্র মেয়েটি এ বছর মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার পড়াশোনার খরচও পরিবার থেকেই কোনোভাবে চালানো হয়েছে। বর্তমানে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সময় হলেও ভর্তির প্রয়োজনীয় টাকাও তাদের হাতে নেই। আর্থিক সংকটের কারণে তার ভবিষ্যৎ পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সে পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে পরিবারের পাশে দাঁড়াতে চায়।

সবচেয়ে কষ্টের বিষয়, তাদের থাকার ঘরটিও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে ঘর দিয়ে পানি পড়ে। পরিবারের দুজন সদস্য ভাতা পেলেও সেই অর্থ দিয়ে চিকিৎসা, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। এমনও দিন যায়, যখন ঘরে রান্না করার মতো একটু চালও থাকে না।

অসুস্থ বড় ভাইয়ের ওষুধের খরচ, প্রতিবন্ধী ছোট ভাইয়ের প্রয়োজনীয় সহায়তা, মায়ের চিকিৎসা, খাবার, ঘর মেরামত এবং মেয়ের পড়াশোনার খরচ—সব মিলিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে পরিবারটির।

পরিবারটির সদস্যরা জানান, তাদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্যবান আত্মীয়-স্বজনও বর্তমানে নেই। তাই কোনো সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সরকারি-বেসরকারি সংস্থা যদি তাদের চিকিৎসা, খাদ্য, ঘর মেরামত, শিক্ষা ও আর্থিক সহায়তায় এগিয়ে আসে, তাহলে পরিবারটি এই কঠিন পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পেতে পারে।

পরিবারটিকে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন-  ০১৮৯৭০৯৬২৮১

চাঁদপুর টাইমস রির্পোট/
৩১ আগস্ট ২০২৬