বিশ্বকে জানতে হলে শিক্ষার্থীদের লাইব্রেরিতে যেতে হবে: ডিসি
বই পড়ার সংস্কৃতিকে বেগবান করতে ‘বই পড়ি, জ্ঞান গড়ি, আলোকিত মানুষ হই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জ্ঞানকুঞ্জ পাঠাগার’ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাঠাগারের
উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর তিনি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ,
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস এবং ঐতিহাসিক কড়ইতলী জমিদার বাড়ি পরিদর্শন করেন।
জ্ঞানকুঞ্জ পাঠাগার উদ্বোধনকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “বর্তমান যুগে শিশুরা আক্ষরিক অর্থেই মায়ের কোল থেকে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই ভয়াবহ আসক্তি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। তাদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতেই প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার বা পাঠাগার স্থাপনের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরিমুখো হতে চাইছে না। অথচ বিশ্বকে জানতে হলে এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে লাইব্রেরিতে যাওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শৈশব থেকেই বইয়ের সঙ্গে মিতালি ঘটাতে হবে। প্রাথমিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিশুদের মেধা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রমেরখোঁজখবর নেন এবং কড়ইতলী জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৩ জুলাই ২০২৬