বাস্তব জীবনে প্রয়োগই প্রশিক্ষণের সার্থকতা, ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন
বইয়ের পাতায় অর্জিত জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন তা বাস্তব জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে লাগে। আর দুর্যোগের মতো সংকটে সাহস, দক্ষতা ও মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সেই পাঠ দিতেই ফরিদগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৫২ জন স্কাউট সদস্যের সরব উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে এক প্রাণবন্ত প্রশিক্ষণমঞ্চ।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) স্কাউটিংকে ছাত্রজীবনের অত্যন্ত বাস্তবমুখী শিক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, ছাত্রজীবনে শেখার নানা পাঠের মধ্যে সবচেয়ে ফলপ্রসূ অংশ হচ্ছে স্কাউটিং। দুই দিনের এ কোর্স থেকে অর্জিত জ্ঞান ও কৌশল যদি প্রাত্যহিক এবং সংকটময় জীবনে সঠিকভাবে প্রয়োগ করা যায়, তবেই প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা আসবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা কেবল প্রাতিষ্ঠানিক পড়ার বিষয় নয়, বরং যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী হিসেবে নিজের পরিচয় ফুটিয়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (মেম্বারশিপ) আল-মামুন, চাঁদপুর জেলা স্কাউট লিডার মো. ওয়ালীদ খান এবং ফরিদগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক ও গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ স্কাউট আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মার পরিচালনায় এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমীন (এল.টি), শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা এবং দলীয় সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিম।
দুই দিনের এ নিবিড় ক্যাম্পে হাতে-কলমে প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্কাউটরা দুর্যোগকালে উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে করণীয় বিষয়গুলো রপ্ত করবেন।
আয়োজকরা জানান, দুর্যোগ কখনো আগাম বার্তা দিয়ে আসে না। ক্ষয়ক্ষতি কমাতে কৈশোর থেকেই এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষ স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিবেদক: শিমুল হাছান/
৭ আগস্ট ২০২৬