Home / জবস / ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
BCS

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

‎৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

‎বিষয়টি নিশ্চিত করে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।’

‎বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বছরের ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

‎এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

‎গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন। ৯ এপ্রিল থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। চলে ৭ মে পর্যন্ত।

‎এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে কমিশন। আগামী ১০ আগস্ট থেকে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে পিএসসি।

২৩ জুলাই ২০২৬
এ জি