ফরিদগঞ্জ থানার নতুন ওসি এরশাদ উল্লাহ

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. এরশাদ উল্লাহ।

বুধবার (২৪ জুন) দুপুরে তিনি বিদায়ী ওসির কাছ থেকে থানার দায়িত্ব বুঝে নেন।

পুলিশের দক্ষ এই কর্মকর্তা ২০০৫ সালে সারদা পুলিশ একাডেমি থেকে সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৬ সালে ফেনী জেলায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি নরসিংদী জেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এরপর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে বদলি হয়ে তিনি চাঁদপুর জেলায় যোগদান করেন। চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান তাঁকে ফরিদগঞ্জ থানার আইনশৃঙ্খলার সার্বিক দায়িত্ব অর্পণ করে অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবাগত ওসি মো. এরশাদ উল্লাহ বলেন, “ফরিদগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে দ্রুত ও সঠিক আইনি সেবা দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমি কোনো আপস করবো না।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি ফরিদগঞ্জের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ জুন ২০২৬