ফরিদগঞ্জে মাদকের জিরো টলারেন্সের বার্তা দিলেন ওসি

মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে থানা পুলিশের উদ্যোগে এ মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি বের হয়ে। পরে বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।

এসময় তিনি বলেন, মাদক নির্মূল করা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। মাদক রোধে প্রতিটি পরিবার থেকেই প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার আশপাশে কেউ মাদকের সাথে জড়িয়ে পড়লে তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নিন। অন্যথায় সামাজিকভাবে তাকে আইনের হাতে তুলে দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাদকসেবী ও কারবারিদের উদ্দেশ্যে জিরো টলারেন্স নীতি ও কঠোর হুঙ্কার দেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এরশাদ উল্যাহ। তিনি বলেন, যারা এখনও গোপনে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত, তাঁদের শেষ সতর্কবার্তা দিচ্ছি। ভালো হতে চাইলে পুলিশের কাছে এসে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নিন। আমরা সহযোগিতা করব। অন্যথায় অপরাধীদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে মাদক দূর করতে পুলিশ বদ্ধপরিকর।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইমাম হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব আজাদ পাটওয়ারী, রেদওয়ান হোসেন রানা ও ফয়েজ মিজিসহ এলাকার গণ্যমান্য সুধীজন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৯ আগস্ট ২০২৬