ফরিদগঞ্জে বিএনপি কখনো হারে না, এ জনসমুদ্রই তার প্রমাণ : লায়ন হারুনুর রশিদ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি কখনো হারতে পারে না। আজকের এই বিশাল জনসমুদ্রই প্রমাণ করেছে এখানে বিএনপির অবস্থান কতটা সুদৃঢ় ও শক্তিশালী। আমরা অতীত আঁকড়ে না থেকে সামনে এগিয়ে যেতে চাই, চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশিদ আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দিকনির্দেশনায় আমরা সবাই ঐক্যবদ্ধ। মনে রাখতে হবে, ধানের শীষই আমাদের প্রথম ও শেষ কথা। যারা এখনও ভুলের মধ্যে রয়েছেন, আশা করি তাঁরা দ্রুত সঠিক ধারায় ফিরবেন। দল, নেতা ও দেশ আমাদের সবার-তাই সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে সবাইকে ধানের শীষের পতাকাতলে আসার আহ্বান জানাচ্ছি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও এ্যাড. মহসিন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, রফিকুল ইসলাম পাটওয়ারী এবং জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, সোহেল খান, বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, উপজেলা সে্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ আকতার হোসেন, ছাত্রদল নেতা রাশেদ আলম, মহিউদ্দিন মহিন।

আলোচনা সভা শেষে এক সুবিশাল বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিএনপির ৪৮মত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদের নেত্রীসহ প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান/
১ সেপ্টেম্বর ২০২৬