ফরিদগঞ্জে থানার মোড় থেকে ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে থানার মোড় এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ওরফে মুন্না (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে ২০২৬) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় জহির নামে আরেক যুবক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার সামনে আবু তাহেরের চায়ের দোকানে সিগারেট কেনার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন নাজমুল ও জহির। ওই সময় থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত ঘটনাস্থল অতিক্রমকালে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালান। একপর্যায়ে নাজমুলকে আটক করা হলেও জহির দৌড়ে পালিয়ে যায়।
আটক নাজমুল পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩ মে ২০২৬