ফরিদগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-রূপসা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম ওরফে মাসুদ আলম (৪২), রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার কালু (৬৫) এবং তাঁর ভাগনে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান ওরফে সৈকত (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একাধিক টিম উপজেলার রূপসা উত্তর ও রূপসা দক্ষিণ ইউনিয়নে রাতভর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃ তিনজনের বিরুদ্ধে নাশকতার চেষ্টা এবং বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২০ সেপ্টেম্বর ২০২৬