ফরিদগঞ্জের প্রবীণ দুই দলিল লেখকের স্মরণে আলোচনা ও দোয়া

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির দুই অভিজ্ঞ ও প্রবীণ সদস্য মরহুম আব্বাস উল্যাহ শেখ এবং মরহুম সৈয়দ আহাম্মেদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের পাটোয়ারী। সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. তানভীর হোসাইন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত দুই প্রবীণ দলিল লেখকের দীর্ঘ কর্মময় জীবন ও সংগঠনের প্রতি তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন, মরহুম আব্বাস উল্যাহ শেখ ও সৈয়দ আহাম্মেদ অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জীবনের সিংহভাগ সময় সাব-রেজিস্ট্রি অফিসে সেবা দিয়ে গেছেন।
তাঁদের প্রয়াণে সমিতি দুজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ অভিভাবককে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় মরহুমদ্বয়ের পরিবারের সদস্যরা বক্তব্য প্রদানকালে তাঁদের স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সকলের কাছে আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।

আলোচনা পর্ব শেষে মরহুম আব্বাস উল্যাহ শেখ ও মরহুম সৈয়দ আহাম্মেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা মো. হেলাল উদ্দিন।

এ সময় ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ, সাধারণ দলিল লেখক, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রয়াতদের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
১০ আগস্ট ২০২৬