প্রভাবশালী হলেও ছাড় নয় — সরকারি জমি দখলমুক্তে হুঁশিয়ারি এমপি মানিকের

সরকারি জমি অবৈধ দখলে রাখলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি জায়গা দখলে রাখতে পারবে না। চাঁদপুর সদর উপজেলার সব সরকারি জমি চিহ্নিত করে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

২৭ অক্টোবর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এন এম জামিউল হিকমা।

সভায় এমপি মানিক উপজেলার সব সরকারি জমির তালিকা তৈরি এবং অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে উদ্যোগ নিতে ইউএনওকে আহ্বান জানান। তিনি বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ধরনের প্রভাব বা বাধাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ কাজে প্রশাসনের নেওয়া উদ্যোগে সার্বিক সহযোগিতা করবেন তিনি।

এমপি মানিক আরও বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি জমি তার দখলে থাকতে পারবে না। সরকারি সম্পত্তি উদ্ধার করা গেলে তা জনস্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার পক্ষে সাধারণ মানুষ। তাই সরকারি সম্পত্তি রক্ষা ও দখল উচ্ছেদে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া
২৭ অক্টোবর ২০২৬