চাঁদপুর শহরের পুরান বাজারে ঐতিহ্যবাহী মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকার বাড়ী একাদশ ক্রীড়া চক্র।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পুরান বাজারের নিতাইগঞ্জে পুরাতন পুলিশ ফাঁড়ির মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। এ সময় তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্র যে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার যুবসমাজকে মাঠমুখী করতে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
তিনি ভবিষ্যতেও এ ধরনের মহৎ উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইব্রাহীম গাজী ইবু, মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ফখরুল মোল্লা এবং ক্রীড়াবিদ ইউসুফ বরকন্দাজ।
প্রীতি ফুটবল ম্যাচটির মূল আয়োজক মারুফ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।
আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur