পবিত্র আশুরা উপলক্ষে ফরিদগঞ্জে দোয়া মাহফিল
পবিত্র আশুরা উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বাদ আসর রূপসা জমিদার পরিবারের উত্তরসূরি, খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ওয়াক্ফ এস্টেট, তাহুরুন নেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট এবং আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি, বাংলাদেশ ওয়াক্ফ এস্টেট ফাউন্ডেশনের মহাসচিব ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আলহাজ সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক খান, বিএনপি নেতা আব্দুল জলিল, মোহাম্মদ আলী মৃধা, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে আলহাজ সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। বিশ্বজুড়ে মুসলমানরা দিনটি গভীর শ্রদ্ধা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) কারবালার প্রান্তরে ইসলাম, সত্য ও ন্যায়ের পক্ষে নিজের জীবন উৎসর্গ করে মানবজাতির জন্য আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যায়ের কাছে আপস না করার শিক্ষা আজও মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক। এ দিনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে পারলে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সহজ হবে।
ফরিদগঞ্জ প্রতিনিধি/ ২৬ জুন ২০২৬