বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে এবং কর্মরত দেশের আইন-কানুন মেনে চলতে উৎসাহিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৩০ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়,বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে।
পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মরত দেশের আইন,বিধি-বিধান ও স্থানীয় নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
করণীয়
কর্মরত দেশের আইন,বিধি-বিধান,কর্মস্থলের নীতিমালা,স্থানীয় সাইবার আইন,সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ এবং ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। পরিবার,বন্ধু ও ইতিবাচক যোগাযোগের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। চাকরি,নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য,ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক,ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) সম্পর্কে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। কোনো তথ্য,ছবি বা ভিডিও শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে এবং উসকানিমূলক বা সন্দেহজনক অনলাইন কার্যক্রম থেকে দূরে থাকতে হবে।
বর্জনীয়
সন্ত্রাসবাদ,উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট,ছবি, ভিডিও বা বার্তা শেয়ার,লাইক,মন্তব্য কিংবা প্রচার করা যাবে না। একই সঙ্গে গুজব,ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্যও প্রচার করা থেকে বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন,ইরান-ইসরায়েল বা অন্য কোনো আন্তর্জাতিক সংঘাত নিয়ে কর্মরত দেশের আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার করা যাবে না।
কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ নেয়া যাবে না। যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি,সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান (Donation) দেয়া যাবে না। কর্মস্থল,বিমানবন্দর,বন্দর,সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ কিংবা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।
নিজের বা অন্যের পাসপোর্ট,ভিসা,জাতীয় পরিচয়পত্র বা আইডি,ব্যাংকসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না। ধর্মীয়,জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে-এমন পোস্ট,মন্তব্য বা বিতর্কে অংশ নেয়া থেকে বিরত থাকতে হবে।
ভুয়া চাকরির বিজ্ঞাপন,অবৈধ ভিসা,দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়ানো যাবে না। কোনো অপরাধ,সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া দেয়া যাবে না।
৮ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur