নববর্ষের ঐকতান, বৈশাখে বর্ণিল কুমিল্লা

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যে সারাদেশে মতো কুমিল্লাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মু. রেজা হাসানের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়।

এবারের আয়োজনে বিশেষ নজর কেড়েছে সামাজিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা’। সংগঠনটি কুমিল্লার হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতিকে ব্যতিক্রমী ঢঙে সাধারণ মানুষের সামনে তুলে ধরে। শোভাযাত্রায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, প্রাচীন প্রতিষ্ঠান এবং জেলার ঐতিহ্যবাহী পণ্যের ছবি সংবলিত অসংখ্য নান্দনিক প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন সংগঠনের সদস্যরা। শেকড় সন্ধানী এই বিশেষ প্রদর্শনী শোভাযাত্রায় আসা সাধারণ মানুষ ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং পুরো আয়োজনে একটি ভিন্ন মাত্রা যোগ করে।

শোভাযাত্রার উদ্বোধনকালে জেলা প্রশাসক মু. রেজা হাসান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বৈশাখী মেলা, লোকজ পণ্যের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং ‘ঐতিহ্য কুমিল্লা’র সৃজনশীলতায় পুরো কুমিল্লা নগরী আজ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৪ এপ্রিল ২০২৬