ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গঠনে সব ধর্মের শিক্ষা এক : ডিসি

চাঁদপুরে ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক বলেন, পৃথিবীর সব ধর্মই পারস্পরিকভাবে মানবকল্যাণের সঙ্গে আন্তঃসম্পর্কিত। কোনো ধর্মই মানুষকে মিথ্যা বলতে, চুরি করতে, অত্যাচার-নির্যাতন চালাতে বা অন্যের ক্ষতি করতে শেখায় না।

তিনি বলেন, নৈতিকতা, মানবিকতা, কাউকে আঘাত না করা, প্রতিবেশীর প্রতি সদাচরণ, বন্ধুর সঙ্গে ভালো আচরণ, গুরুজনকে সম্মান এবং শিশুদের প্রতি স্নেহ—এসব মূল্যবোধ সব ধর্মেই সমানভাবে গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, আমরা সবাই যেন একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। নিজ নিজ দায়িত্ব, কর্তব্য, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা বজায় রেখে সমাজ গঠনে ভূমিকা রাখি।

চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামী ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক নগেন্দ্র নারায়ন চক্রবর্তী, চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদের খতিব সাইফুল আলম খন্দকার, রামকৃষ্ণ আশ্রমের সহযোগী অধ্যাপক অবগ মহারাজ স্বামী সুবলাল নন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাসুন নাবা।

বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিকতার অবক্ষয় রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই। ইসলাম, হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্মই মানুষকে সত্য, ন্যায়, শৃঙ্খলা ও মানবিকতার পথে চলার শিক্ষা দেয়। কোনো ধর্মকে হেয় না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক/
১৫ জুলাই ২০২৬