দ্রুত সময়ের মধ্যেই শিক্ষকদের বদলি বাস্তবায়ন করা সম্ভব হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির লক্ষ্যে একটি ডায়নামিক সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে বর্তমানে মাঠপর্যায় থেকে শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ডাটাবেইস প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যেই শিক্ষকদের বদলি বাস্তবায়ন করা সম্ভব হবে।
রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উত্থাপিত সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা জানান।
শিক্ষামন্ত্রী আরো বলেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সফটওয়্যারের পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) অনুযায়ী বদলি কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করা হবে। এর ফলে শিক্ষক বদলি প্রক্রিয়া অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর হবে।
এছাড়া শিক্ষকদের নিজ জেলা বা বিভাগের মধ্যে বদলি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে সফটওয়্যারে জেলা, বিভাগ, বিষয়ভিত্তিক শূন্যপদ, জ্যেষ্ঠতা, পারিবারিক ও মানবিক বিবেচনাসহ নীতিমালায় নির্ধারিত অগ্রাধিকারগুলো অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৪ জুন ২০২৬