কুমিল্লার দেবীদ্বারে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ৬ বছর বয়সী ছেলে ইয়ামিন।
আহতরা হলেন—নিহত রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম (৭৩), মা মিনু আরা বেগম (৬৫) এবং অটোরিকশা চালক জিসান (৩৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার ময়নামতি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে সপরিবারে সিএনজিচালিত অটোরিকশা যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফিরছিলেন তারা। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকেও মৃত ঘোষণা করেন।
নিহত রৌশন আরার বাবা আহত তাজুল ইসলাম জানান, সপরিবারে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে চোখের সামনেই তিনি তার মেয়ে ও নাতিকে হারান।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur