দাবি না মানলে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি

ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস, পানির অভাব এবং চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। জনগণের অধিকার রক্ষায় এই লংমার্চ সব বিভাগীয় শহরে যাবে। সরকার দাবি না মানলে এই আন্দোলন দিয়েই সরকারকে হটিয়ে ঘরে ফেরা হবে।

কুমিল্লা বিভাগ ও বিমানবন্দর নিয়ে যা বললেন:

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “১৯৯৪ সালে সিলেট বিভাগ হলেও আজও কুমিল্লা বিভাগ হয়নি। কুমিল্লাবাসীর অপরাধ কী? কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা না করে দ্রুত এর বাস্তবায়ন করুন। পাশাপাশি নোয়াখালীকেও বিভাগ দেওয়া হোক।” এছাড়া প্রশাসনিক জটিলতা কমাতে এবং ইপিজেডের সুবিধার কথা মাথায় রেখে কুমিল্লার বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা:
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। দেশের যুবসমাজ ও দেশকে রক্ষা করতে হলে আগে নিজের মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করুন।”

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন নাহিদ ইসলাম এমপি, ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, আল্লামা মামুনুল হক, ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মজিবুর রহমান মঞ্জু, নাসির উদ্দিন পাটওয়ারী, মাওলানা এটিএম মাসুম প্রমুখ।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৫ সেপ্টেম্বর ২০২৬