Home / সারাদেশ / উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ৫ জেলায় বন্যা শঙ্কা
পানি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ৫ জেলায় বন্যা শঙ্কা

উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে করে তিস্তা অববাহিকার পাঁচ জেলা যথাক্রমে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা নিয়ে সতর্ক করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। উজানের ঢলে বেড়েছে রংপুরের ঘাঘট, যমুনেশ্বরী নদীর পানিও। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হওয়ায় তিস্তা নদী বৃদ্ধি পেয়ে বন্যার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে রোববার ও সোমবার রংপুর বিভাগের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, রংপুরের তিস্তা নদীর পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এতে করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এ তথ্য সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৮ জুন ২০২৬