নিরাপদ সীমার চেয়ে ৮ লাখ টন বেশি খাদ্য মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা

দেশে বর্তমানে নিরাপদ সীমার চেয়ে প্রায় ৮ লাখ ৬০ হাজার টন বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এ পর্যাপ্ত মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্ভাব্য যেকোনো খাদ্য সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।’

৩০ জুন মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে বর্তমানে ২২ লাখ ১০ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে, যেখানে নিরাপদ মজুতের নির্ধারিত পরিমাণ ১৩ লাখ ৫০ হাজার টন। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ওএমএস-এর মাধ্যমে প্রতিদিন চাল ও আটা বিক্রি হচ্ছে। এছাড়া, টিসিবির পণ্য যেন মানুষ লাইনে না দাঁড়িয়ে ভবিষ্যতে ঘরে বসেই পেতে পারে, সরকার সেই ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রীর চীন সফর ও তিস্তা প্রকল্প বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ সময় বাণিজ্য, কৃষি ও গণমাধ্যম সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি সই হয়েছে। বিশেষ করে ‘তিস্তা প্রকল্প’ বাস্তবায়নে চীন সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ৩৪২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, বজ্রপাতে মৃত্যু কমাতে দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি জেলায় আধুনিক ‘কৃষক ছাউনি’ ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। আগের সরকারের ধীরগতির তালগাছ প্রকল্পের ওপর নির্ভর না করে দ্রুত কৃষকদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত এক সপ্তাহে কুষ্টিয়া, সাতক্ষীরা ও ঝিনাইদহসহ বিভিন্ন সীমান্তে ভারতীয় বিএসএফ ১১৫ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা এবং মায়ানমার সীমান্তে ১৫ জনের অনুপ্রবেশের চেষ্টা বিজিবি সফলভাবে ব্যর্থ করে দিয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে সব টোল প্লাজায় একটি মাত্র বিআরটিএ আরএফআইডি ট্যাগ এবং একটি সমন্বিত মোবাইল অ্যাপ ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যা যানজট ও সময় বাঁচাবে। অন্যদিকে, রেলওয়ের উদ্যোগে আগামী ৫ বছরে ২৪ লাখ গাছ লাগানো হবে, যার মধ্যে ১ লাখ ৬০ হাজার গাছ এ বছরই রোপণ করা হচ্ছে।

ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। অন্যদিকে, সৌদি আরবে এ বছর সাময়িকভাবে হারিয়ে যাওয়া ৭২৪ জন হাজির সবাইকে উদ্ধার করা হয়েছে, বর্তমানে কোনো হাজি নিখোঁজ নেই।

৩০ জুন ২০২৬
এ জি