ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলচালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (২২) এবং পৌর এলাকার চাটিতলার বাসিন্দা আবুল হাশেম (৭০)।

শনিবার (৫ সেপ্টেম্বর) মহাসড়কের বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রলিচালক বসন্তপুর গ্রামের আবদুস সোবহান আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি পথচারী বৃদ্ধ আবুল হাশেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত আবুল হাশেম চৌদ্দগ্রাম পৌরসভার চাটিতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৫ সেপ্টম্বর ২০২৬