ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা উদ্বোধন, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার নজরদারি শুরু হতেই ধরা পড়ছে একের পর এক ট্রাফিক আইন লঙ্ঘন। চালু হওয়ার মাত্র তিন ঘণ্টায় এআই ক্যামেরার মাধ্যমে ৩৭৯টি মামলা করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এআই ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা শনাক্ত করে এসব মামলা করা হয়। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশের তথ্য বলছে, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক রয়েছে এই স্বয়ংক্রিয় নজরদারির আওতায়। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে বসানো হয়েছে এক হাজার ৪২৭টি এআই ক্যামেরা। ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করতে পারে। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে তৈরি হচ্ছে ডিজিটাল মামলা। সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে এ-সংক্রান্ত বার্তা।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৮ আগস্ট ২০২৬