এক মাস পরেই হতেন মা, ডেঙ্গুতে প্রাণ গেল কুমিল্লা ভিক্টোরিয়া ছাত্রীর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নূর জাহান নামের ওই শিক্ষার্থী মৃত্যুর সময় নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর গর্ভে থাকা অনাগত সন্তানও মারা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।
নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী জোবায়ার হোসেন। তাঁদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ার হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। আগামী মাসে তাঁদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।
নূর জাহানের স্বামী জোবায়ার হোসেন বলেন, আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার আমার স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা করানো হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত। বুধবার বাদ জোহর গ্রামের বাড়িতে তাঁর জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
কুমিল্লা প্রতিনিধি/
১৬ সেপ্টেম্বর ২০২৬