‘জীবনের শেষ দিন পর্যন্ত রাজরাজেশ্বরসীর জন্য কাজ করে যাব’

‘রাজরাজেশ্বরকে নদীভাঙন ও অনুন্নয়নের অভিশাপ থেকে মুক্ত করে একটি সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই।’ এমন প্রত্যাশা ব্যক্ত করে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদারের পক্ষে দলীয় মনোনয়নের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন বংশের মুরব্বিরা।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজারে অনুষ্ঠিত দলীয় নেতা কর্মী ও বিভিন্ন বংশীয় মুরুব্বিদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানীয়া বংশের মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া,
মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাড়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি ও মানিক ভুঁইয়াসহ বিভিন্ন বংশের মুরব্বিরা।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রায় রাজরাজেশ্বর এখনো অনেক পিছিয়ে রয়েছে। নদীভাঙন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও অনুন্নত জীবনযাত্রার কারণে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করছেন। এসব সমস্যা থেকে উত্তরণে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি এলাকার মানুষের সুখ-দুঃখ উপলব্ধি করবেন এবং উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করবেন।

তাঁরা বলেন, কবির হোসেন চোকদার এ এলাকারই সন্তান। তাঁর বাবা-মা দুজনেই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তাঁর বাবার দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং পরিবারের জনসেবার ঐতিহ্য তাঁকে এলাকার মানুষের কাছে পরিচিত করেছে। বক্তারা আরও বলেন, রাজরাজেশ্বরের উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং মানুষের জীবনমান পরিবর্তনের স্বার্থে কবির হোসেন চোকদারের মতো আদর্শবান ও দক্ষ ব্যক্তিকে নেতৃত্বে দেখতে চান তাঁরা। এ জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান।

উপস্থিত দলীয় নেতৃবৃন্দ এবং এলাকার মুরুব্বিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত কণ্ঠে চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার বলেন, ‘আমি এই এলাকার সন্তান। আমার বাবা-মা দুজনেই এ এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁরা কেউই আজ পর্যন্ত এলাকা ছেড়ে যাননি। তাঁদের আদর্শ বুকে ধারণ করেই আমিও এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এলাকার মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে থাকার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি হই বা না হই, জীবনের শেষ দিন পর্যন্ত এ এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, বিএনপির একজন কর্মী। ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড মূল্যায়ন করবে। তবে দল যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নিয়েই আমি মানুষের কল্যাণে কাজ করে যাব।’

রাজরাজেশ্বরের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রিয় অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। নদীভাঙন প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করেছেন। রাজরাজেশ্বরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার এই অগ্রযাত্রায় আমিও আমার নেতার একজন রাজনৈতিক সারথি হতে চাই। এ জন্য আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।’

এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২ নং ওয়ার্ডের সভাপতি বাবু প্রধানীয়া, ৩ নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪ নং ওয়ার্ডের সভাপতি সেকুল বেপারী, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮ নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা এবং ৯ নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৫ অক্টোবর ২০২৬