জলবায়ুর পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদপুর জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আমি গাছ লাগাতে পছন্দ করি। যখন ছাত্র ছিলাম, তখন গাছ লাগানোর বিষয়টি আমার মধ্যে সেভাবে রপ্ত হয়নি। পরবর্তীতে আমার একমাত্র কন্যা সন্তান আমাকে গাছ লাগানো ও গাছের গুরুত্ব শিখিয়েছে। সে যখন পঞ্চম শ্রেণিতে পড়ত, তখন একবার বাসার কিছু গাছ কাটতে গেলে সে আমাকে গাছ কাটতে দেয়নি। সেখান থেকেই আমি গাছের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে শিখেছি।

তিনি আরো বলেন, এখানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছেন, তা তোমাদের মাধ্যমেই সফল করতে হবে। তোমরা প্রত্যেকে একটি করে গাছ লাগিয়ে তার যথাযথ পরিচর্যা করলে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য অর্জন করা সম্ভব।

তিনি বলেন, গাছ আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। না খেয়ে পাঁচ-সাত দিন থাকা সম্ভব হলেও অক্সিজেন ছাড়া এক মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। তাই গাছ কেটে ফেলা এবং নতুন করে গাছ না লাগানো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে তাপমাত্রা ও আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। ১০ বছর আগেও এমন পরিস্থিতি ছিল না। জলবায়ুর এই পরিবর্তন রোধ করতে এবং আমাদের দেশকে মরুভূমিতে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে।

তিনি বলেন, প্রচণ্ড গরমে মানুষ যেমন ছায়া খোঁজে, তেমনি বিভিন্ন প্রাণীও তাপমাত্রা বেড়ে গেলে গাছের ছায়ায় আশ্রয় নেয়। এতেই বোঝা যায়, আমাদের জীবন ও পরিবেশের জন্য গাছ কতটা গুরুত্বপূর্ণ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানো এবং এর পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির।

উপস্থাপক জাহিদ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন নার্সারী মালিকদের পক্ষে মাসুদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম খলিলুর রহমান এবং গীতাপাঠ করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অদিতি ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভার পূর্বে ফিতা কেটে চাঁদপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিরা।

উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলায় চাঁদপুর বন বিভাগ ২টি স্টল, নার্সারী ১১টিসহ মোট ২৪টি স্টল অংশগ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার/
২ আগস্ট ২০২৬