জনগণের কল্যাণে কাজ করলেই বিএনপির আরও শক্তিশালী হবে: অ্যাড. সলিম উল্যা সেলিম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য নারী নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছেন।

তিনি বলেন, মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। কোনো অন্যায়, অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অ্যাড. সলিম উল্যা সেলিম আরও বলেন, দেশ ও জাতির সংকটময় সময়ে নারী সমাজকে ঘরে বসে থাকলে চলবে না। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার পাশাপাশি সমাজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করলেই বিএনপির রাজনীতি আরও শক্তিশালী হবে।

চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদা খানম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্তা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশারফ, ফারজানা লাকি, সেলিনা রহমান, অ্যাড. রেহেনা কচি, পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সহ-সভাপতি ফারজানা রোজী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আক্তার ইশিতা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তারসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিশাল র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের অঙ্গীর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৯ সেপ্টেম্বর ২০২৬