চাঁদপুরে শুদ্ধ সংগীত চর্চা ও সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’। ২ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, চাঁদপুর জনাব আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাঁদপুর বরাবরই সংস্কৃতি ও গুণী মানুষের চারণভূমি। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ ও ঐতিহ্যবাহী সংগীত চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। এই প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সকল শিক্ষার্থী এবং সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ও রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর, সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিটন ভূইয়া, জনাব রফিক আহমেদ মিন্টু, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি জনাব ফারুক আহমেদ ও অন্যান্য সুধীজন।
উপস্থিত সুধীজনেরা জেলা প্রশাসনের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি মেধাবী ও সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির কোনো বিকল্প নেই। এই কালেক্টরেট মিউজিক একাডেমি চাঁদপুরের তরুণ ও উদীয়মান সংগীতশিল্পীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনতে একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’তে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শুদ্ধ সংগীত, চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য ও তবলা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
স্টাফ করেসপন্ডেট/
২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur