Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / মিথ্যা মামলার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মামলার

মিথ্যা মামলার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে পৌর শহরের থানার মোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

থানার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর হোসেন রুবেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা ও শাওন পাঠান।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মইন উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, রাশেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা এবং সদস্য আল আমিনসহ স্থানীয় অন্যান্যের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধানের শীষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার ও চক্রান্তে মেতে উঠেছে। ছাত্রদলের অভ্যন্তরীণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের সহযোদ্ধা আশিক পাটওয়ারীসহ নির্দোষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আশিক পাটওয়ারীসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এই ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আগামীতে রাজপথে আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ছাত্রদল নেতা আশিক পাটওয়ারীকে প্রধান আসামি করে থানায় একটি মামলা রেকর্ড করা হয়। তবে ভুক্তভোগী অন্য পক্ষের পাল্টা লিখিত অভিযোগটি পুলিশ আমালে নেয়নি বলে প্রতিবাদী নেতাকর্মীরা অভিযোগ তোলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২ অক্টোবর ২০২৬