চাঁদপুর শহরে নাভানা হাসপাতাল ও ল্যাব ওয়ান ডায়াগনস্টিককে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক্স-রে রুমের ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুরে শহরের স্টেডিয়াম রোডে অবস্থিত নাভানা প্রাইভেট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকা, ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই রোডে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুমের ব্যবস্থাপনায় অনিয়ম ও ত্রুটি পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্তের নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল হাসান ফয়সাল উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল জানান, চাঁদপুরে স্বাস্থ্যসেবার সঠিক মান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি
২৭ আগস্ট ২০২৬