আমরা চাই চাঁদপুর পৌরসভা একটি স্বচ্ছ পৌরসভা হিসাবে গড়ে উঠবে- এমপি মানিক

চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের এককালীন বকেয়া আনুতোষিক (গ্র্যাচুইটি) এর ২৪ জনের মাঝে ২কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় পৌর পাঠাগরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, অনেকদিন পর হলেও আপনারা আপনাদের প্রাপ্য টাকাটা পেয়েছেন। পৌর প্রশাসক সাহেবকে অনুরোধ করব অবসরপ্রাপ্তদের নামে যেই টাকাটা প্রতিমাসে কর্তন করা হয়, তা যেন সঠিক সময় প্রদান করা হয়। মোবাইল আসার পর সন্তানদের বাবা-মায়ের প্রতি ভালোবাসা কমে গেছে। তাই আপনারা যে যে টাকাটা পাচ্ছেন, সবার আগে নিজের দেনা পরিশোধ করবেন ও নিজের চিকিৎসা করাবেন।

তিনি আরো বলেন, আমরা সকলেই চাই একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। যে দুর্নীতি করবে তাকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই চাঁদপুর পৌরসভা একটি স্বচ্ছ পৌরসভা হিসাবে গড়ে উঠবে। একটি রাস্তা বা প্রকল্প করতে কত টাকা খরচ হয়, আমরা সকলে জানি। যারা ৩০ কোটি টাকা বকেয়া রেখে গেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার অনেক জায়গা রয়েছে, সেখানে আপনারা নাইট পার্ক, ডে পার্ক করে দেন। হকারদের উচ্ছেদ না করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা ট্যাক্স, পানির বিল দিবেন না ঝুলিয়ে রাখবেন, তাদেরকে সেবা বন্ধ করে দেন। সকালে নির্দিষ্ট সময়ে কর ও বিল পরিশোধ করে পৌরসভা কে সবাই সহযোগিতা করতে হবে।

চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরী সভাপতিত্বে এবং চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলার, অনুভূতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা, পৌর হাফেজ মাহমুদার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ জাকির শেখ ও গীতা থেকে পাঠ করেন চন্দ্রনাথ ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের এককালীন বকেয়া আনুতোষিক (গ্র্যাচুইটি) এর ২৪ জনের মাঝে ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরীসহ অতিথিরা।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১ নভেম্বর ২০২৬