Home / চাঁদপুর / চাঁদপুর টাইমসে সংবাদের পর চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে বিদ্যুতের খুঁটি সংস্কার
চাঁদপুর টাইমসে

চাঁদপুর টাইমসে সংবাদের পর চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে বিদ্যুতের খুঁটি সংস্কার

চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক, সাবেক বঙ্গবন্ধু সড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে থাকা বিদ্যুতের খুঁটিগুলো অবশেষে সোজা করেছে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ। এতে সড়কটিতে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সম্প্রতি ‘চাঁদপুর টাইমস’-এ ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে বিদ্যুতের খুঁটি ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি’ শিরোনামে একটি স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়।     প্রকাশিত সংবাদ-   হেলে থাকা খুঁটিতে কভার্ডভ্যানের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

পাশাপাশি এ প্রতিবেদকের ফেসবুক আইডিতেও ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিগুলোর ছবি ও সমস্যা তুলে ধরে একাধিকবার পোস্ট করা হয়। সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরার পর বিদ্যুৎ বিভাগের নজরে আসে দীর্ঘদিনের এই ঝুঁকিপূর্ণ অবস্থা।

এরই প্রেক্ষিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাঁদপুর বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাইপাস সড়কের বিভিন্ন স্থানে হেলে থাকা বিদ্যুতের খুঁটিগুলো সোজা ও নিরাপদ অবস্থানে স্থাপন করার কাজ করেন। খুঁটি সংস্কার ও সংশ্লিষ্ট কাজের কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইপাস সড়কসংলগ্ন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

এর আগে বাইপাস সড়কে সংস্কার কাজ চলাকালে রাস্তা সংকুচিত হয়ে পড়া এবং তার পাশে ঝুঁকিপূর্ণভাবে হেলে থাকা বিদ্যুতের খুঁটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে বড় কাভার্ড ভ্যান, ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের সময় এসব খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা ছিল প্রবল। সম্প্রতি একটি কাভার্ড ভ্যান হেলে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে তারে শর্টসার্কিট ও স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাটি।

এদিকে বিদ্যুতের খুঁটিগুলো সোজা করে দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলকারীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, সময়মতো উদ্যোগ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে।

এ বিষয়ে এ প্রতিবেদকের অভিমত, একজন সংবাদকর্মীর লেখনীর সবচেয়ে বড় সার্থকতা তখনই, যখন জনস্বার্থের কোনো সমস্যা তুলে ধরার পর তার প্রতিকার হয়। দীর্ঘদিন ধরে চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক, সাবেক বঙ্গবন্ধু সড়কের হেলে থাকা বিদ্যুতের খুঁটিগুলোর বিষয়টি ফেসবুক ও সংবাদপত্রে তুলে ধরা হয়েছিল। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ায় একজন সংবাদকর্মী হিসেবে এটি আনন্দ ও তৃপ্তির বিষয়।

জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চাঁদপুর বিদ্যুৎ বিভাগকে আন্তরিক ধন্যবাদ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৫ সেপ্টম্বর ২০২৬