Home / চাঁদপুর / চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
গাঁজাসহ

চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে চাঁদপুর সদর থানার বড় স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শামীম মোল্লা (২৬) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটক শামীম মোল্লার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাত্র ৭ হাজার টাকার বিনিময়ে তিনি গাঁজাগুলো শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন। পথে চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে তিনি আটক হন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত গাঁজা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৪ জুন ২০২৬