চাঁদপুরে ‘মাদকবিরোধী অভিযান’ নামে প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার-১
চাঁদপুরে লাঠিসোঁটা নিয়ে যুবকদের কথিত ‘মাদকবিরোধী অভিযানে’ শাহজাহান পাটওয়ারী (৫০) নামের প্রবাসীর মৃত্যুর ঘটনায় শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিহতের ভাই স্বপন পাটোয়ারী ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আটক শাকিলকে প্রধান আসামি করা হয়েছে।
এর আগে ৫ জুলাই চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই ইউনিয়নের মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় রাতেই শাকিল নামে একজনকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে আটক শাকিলের পরিবার জানায়, ঘটনার সময় ওই প্রবাসীকে আহত অবস্থায় শাকিলই হাসপাতালে নিয়ে যায়। তাহলে তাকে কেন আটক করা হলো?
স্থানীয়দের ভাষ্য, মান্দারী এলাকায় কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালান। এ সময় শাহজাহান পাটওয়ারী এর কারণ জানতে চান। তখন ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহজাহান পাটওয়ারীর ভাই ইয়াসিন পাটওয়ারী অভিযোগ করেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। সামনে নির্বাচন। আমার জনপ্রিয়তা দেখে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ এনেছে।’
প্রতিবেদক: আশিক বিন রহিম
৬ আগস্ট ২০২৬