বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই ) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের লেখা অব্যাহত থাকলে দুর্নীতি সমাজ থেকে দূর হয়ে যাবে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীন ও পেশাদার ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে টেলিভিশন চ্যানেলের কলা-কুশলী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। চাঁদপুরের
সমস্যার কথা যেভাবে তুলে ধরেছে, তা অবহিত রাখবে। আজকের অনুষ্ঠানের চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই আজকে চাঁদপুর প্রেস ক্লাবে আসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চাঁদপুরের উন্নয়নে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা তার পাশে আছে থাকবে। চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান গাজী,
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো : জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুলআমিন খান আকাশ, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ,চাঁদপুর প্রেস ক্লাবর সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বক্তারা মাছরাঙ্গা টেলিভিশনের দীর্ঘ পথচলার সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে একই দিনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে সকাল সোয়া ৯টা থেকে ১০টা পর্যন্ত শিশু পরিবারের শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও দৌড় প্রতিযোগিতা এবং মুখ ও বধির শিশুদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শিশু পরিবার হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এদিন সকাল ১১টায় শোভাযাত্রা ও শিশু পরিবার প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মর্সূচি উদ্বোধন করা হয়। পরে সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক/
৩০ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur