কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী, পবিত্র কোরআন শরীফ, কায়দা এবং মেধা পুরস্কার বিতরণ করেছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। শনিবার (১৯ জুলাই) চাঁদপুর শহরের পুরানবাজার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সফল নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। তিনি সংগঠনের পক্ষ থেকে ৬০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।
এছাড়া ১৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও কায়দা প্রদান করা হয়। একই সঙ্গে প্রথম মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শীর্ষ ১২ জন শিক্ষার্থীর হাতে বিশেষ মেধা পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ী নারী উন্নয়ন সংস্থা কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—এই তিনটি মৌলিক ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সুস্বাস্থ্য, সুশিক্ষা এবং স্বাবলম্বী মানুষই একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি।
তিনি আরও বলেন, সংস্থার পক্ষ থেকে নারীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষার প্রসারে আমাদের এই উদ্যোগও সেই ধারাবাহিকতারই অংশ। আমরা চাই, শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে আরও মনোযোগের সঙ্গে পড়াশোনা করুক এবং ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠুক। সামাজিক কল্যাণে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
মাদ্রাসার শিক্ষকদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা সেলিনা খানম, স্বেচ্ছাসেবক বর্ষা আক্তার, সামিয়া রহমান, সাহারা, নূসরাত জাহান মীম, স্মৃতি আক্তার, আকিফা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৯ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur