চাঁদপুরে বনানী খেলাঘর আসরের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বনানী খেলাঘর আসর চাঁদপুর শাখার আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় শহরের স্টেডিয়াম প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় শিশু একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির মিয়াজী। বনানী খেলাঘর আসর চাঁদপুর জেলা শাখার সভাপতি মৃণাল সরকারেরপরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোররা রবীন্দ্র ও নজরুলের কবিতা আবৃত্তি, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ, সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম অসামান্য অবদান রেখেছেন। আলোচকরা এই দুই গুণি মানুষের মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও সৃজনশীল কর্মধারা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে খেলাঘর আসরের সদস্য, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন। রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্ম ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

=> আশিক বিন রহিম/ ২৫ মে ২০২৬