চাঁদপুরে প্রতারণা মামলায় জেলহাজতে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস

চট্টগ্রামের পটিয়া থেকে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়ার কথা স্বীকার করেছেন পিন্টু দাস (৪৫)। ভুক্তভোগী রাসেল খানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২০ আগস্ট থেকে স্ত্রী ও দুই সন্তানসহ আত্মগোপনে ছিলেন পিন্টু দাস। তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা তালাবদ্ধ থাকায় বিষয়টি নিয়ে চাঁদপুরে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকের চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকায় পিন্টু দাস ও তার পরিবারের অবস্থান শনাক্ত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে পটিয়া থেকে পিন্টু দাসের স্ত্রী ও দুই সন্তানসহ তাকে উদ্ধার করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে পিন্টু দাসকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান জানান, পিন্টু দাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলেও তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পিন্টু দাসের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ তদন্তের পাশাপাশি তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

স্টাফ করেসপন্ডেট/
২৯ আগস্ট ২০২৬